‍‍`আমার কোনো সিনেমা ফ্লপ যায়নি, এটাও যাবে না‍‍` — ঈদে আসছে রায়হান রাফীর ‍‍`প্রেশার কুকার‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:০৬ পিএম
‍‍`আমার কোনো সিনেমা ফ্লপ যায়নি, এটাও যাবে না‍‍` — ঈদে আসছে রায়হান রাফীর ‍‍`প্রেশার কুকার‍‍`

আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় সিনেমাটির নাম — 'প্রেশার কুকার'। পরদিন রবিবার সন্ধ্যায় উন্মোচিত হয় আরেকটি পোস্টার, যেখানে চারটি নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে তুলে ধরা হয়েছে।

চার নারী, এক শহরের অদৃশ্য লড়াই
'প্রেশার কুকার'-এর গল্প আবর্তিত হয়েছে চার নারীর জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং ঢাকা শহরের অদৃশ্য চাপকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

নামকরণ প্রসঙ্গে রাফী বলেন, 'অনেক মেয়ে ঢাকায় এসে অল্প সময়ে বড়লোক হতে চায়, যেমনটা অল্প সময়ে রান্না করতে প্রেশার কুকার ব্যবহার করি। সেই জায়গা থেকেই ছবির নামটি রেখেছি।' তাঁর মতে, শহরটি নারীদের জন্য অনেক সময় এক ধরনের 'প্রেশার কুকার'-এ পরিণত হয় — যেখানে নীরব চাপ একসময় বিস্ফোরণের মতো বেরিয়ে আসে।

হাইপারলিংক স্টোরিতে নতুন ধারার চ্যালেঞ্জ
বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলা নিঃসন্দেহে সাহসী একটি পদক্ষেপ। রাফী জানান, এটি একটি হাইপারলিংক স্টোরি — চারটি আলাদা গল্প একসূত্রে এসে মিলেছে। বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে এ ধরনের কাঠামোয় এর আগে কাজ হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, 'এটি নারীদের সিনেমা নয়, নারীপ্রধান গল্পের সিনেমা। অ্যাকশন-রোমান্টিকের বাইরে এই নতুন ধরনের ছবি দর্শক পছন্দ করবে — এটা আমার দৃঢ় বিশ্বাস।'

আত্মবিশ্বাসের ভিত্তি
নিজের ট্র্যাক রেকর্ডের ওপর ভর করেই এই আত্মবিশ্বাস রাফীর। 'পোড়ামন ২', 'পরাণ', 'তুফান' ও 'তাণ্ডব'-এর মতো বৈচিত্র্যময় ও গল্পনির্ভর সিনেমা নির্মাণের পর তিনি বলেন, 'আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না। আমার প্রতি দর্শকের আস্থা আছে, আর আমিও আমার দর্শকদের বুঝি।'

পরিচালকই এবার প্রযোজক
কানন ফিল্মস-এর ব্যানারে নির্মিত 'প্রেশার কুকার' যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফী ও ফরিদুর রেজা সাগর। এটি রাফীর প্রথম প্রযোজিত সিনেমা। তিনি বলেন, 'গতানুগতিক ধারার একেবারে বাইরে গিয়ে কমার্শিয়াল সিনেমার নতুন একটি রূপ দাঁড় করাতে চেয়েছি এই ছবিতে।'

Link copied!